সূচক ও লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে
সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে। পাশাপাশি গতকালের চেয়ে দুই বাজারে লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস সূচক ৫ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইএক্স সূচক বেড়েছিল ৩৬ পয়েন্ট।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯ টির। কমেছে ১৯৫ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৭২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৭৭ কোটি টাকা কম। এ বাজারে গতকাল এক হাজার দুই কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৬ টির দাম বেড়েছে। কমেছে ১৫৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা কম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে সামিট পাওয়ার। আজ প্রতিষ্ঠানটির ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কেপিসিএল, বেক্সিমকো, বিএসসিসিএল, শাশা ডেনিম, সাইফ পাওয়ারটেক, গ্রামীণ ফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার কেমিক্যাল, বারাকা পাওয়ার প্রভৃতি।