সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে
সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৭ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ৮২৩ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৬ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৬ কোটি টাকার, যা গত কার্যদিবসের চেয়ে ৩৮১ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ২২৭ কোটি টাকা। ১৬ কার্যদিবস পর লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে নামল। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২১৫টির, অপরিবর্তিত আছে ২৯টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, সাইফ পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আমান ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফুয়াং ফুড।
দর বাড়ার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো আজিজ পাইপস, রহিমা ফুড, দেশবন্ধু, ক্রিস্টাল ইনস্যুরেন্স, নর্দান জুট, বিডি অটো কার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আমান ফিড ও পূরবী জেনারেল ইনস্যুরেন্স।
অপর দিকে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮২ কোটি ৪৩ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৮৬টির, অপরিবর্তিত আছে ৩০টির দর।