সূচক ও লেনদেন বাড়ছে দুই পুঁজিবাজারে
গতকালের ধারাবাহিকতায় আজ বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ সূচক বাড়ার পাশাপাশি গতকাল মঙ্গলবারের চেয়ে লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে দুই পুঁজিবাজারেই।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৫ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২২৯ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৯৮ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৫২টির। দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক সাড়ে ৫৪ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৪ কোটি ২৬ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১২ কোটি ২৩ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৪৩টির। দর অপরিবর্তিত ৩২টির।