সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৯০ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ১০১ কোটি টাকা বেড়ে হয়েছে ২৬৮ কোটি টাকা। সিএসইতে এদিন লেনদেন আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেড়ে হয়েছে প্রায় ২৩ কোটি টাকা।
এদিকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকাল তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমার দাম বেড়েছে। ডিএসইতে এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় সোয়া ৭ শতাংশ বা ৮ টাকা ৪০ পয়সা। আর সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা। দুই বাজারে গতকাল এককভাবে কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
বিশ্বের বৃহৎ দুই সিমেন্ট কোম্পানি লাফার্জ ও হোলসিমের একীভূতকরণের অনিশ্চয়তা কেটে যাওয়ার খবরে গতকাল লাফার্জের শেয়ারের এমন মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানান বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ দুই কোম্পানির মধ্যে বাংলাদেশের শেয়ারবাজারে একমাত্র লাফার্জ সুরমা সিমেন্ট তালিকাভুক্ত। এর আগে গত সপ্তাহে কোম্পানি দুটি একীভূতকরণে অনিশ্চয়তা দেখা দেওয়ার খবরে দেশের বাজারে লাফার্জের শেয়ারের বেশ দরপতন ঘটে।
লেনদেন শেষে গতকাল মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস বাজার পর্যালোচনাবিষয়ক যে প্রতিবেদন তৈরি করেছে তাতে বলা হয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। বিএনপি যদি শেষ পর্যন্ত সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়, তাহলে চলমান রাজনৈতিক সহিংসতা ও টানা হরতাল-অবরোধেরও অবসান হবে এমন ধারণা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এ কারণে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে যেসব বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাঁরা আবার সক্রিয় হতে শুরু করেছেন।
আইডিএলসির প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল সিমেন্ট খাত। এদিন এককভাবে এ খাতের তালিকাভুক্ত সাত কোম্পানির প্রায় সাড়ে ৫ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে। এ খাতের মূল্যবৃদ্ধির পেছনে লাফার্জ সুরমা কোম্পানিটি বড় ভূমিকা রেখেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।