সূচক ও লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। পাশাপাশি গতকালের চেয়ে লেনদেন বেড়েছে উভয় বাজারে।

ডিএসইতে ৭৯৫ কোটি টাকার লেনদেন
লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৫টির দাম বেড়েছে, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৭৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৭০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, গোল্ডেন সন, সামিট পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওরিয়ন ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।

সিএসইতে ৫৩ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৯৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে। কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।