সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সূচক ও লেনদেন বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৫৯ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৮৫ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৫৪ কোটি টাকা।

ডিএসইতে আজ দিনভর সূচকের উত্থান-পতন লক্ষ করা যায়। পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমান বাজারে সূচকের তেমন বড় কোনো ওঠা–নামা হচ্ছে না। বাজার বেশ শিথিল আছে। বিনিয়োগকারীরা জেনে–বুঝে শেয়ার ক্রয় করছেন। বেশ কয়েক কার্যদিবস লেনদেনের পরিমাণেও তেমন কোনো তারতম্য লক্ষ করা যাচ্ছে না।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইবনে সিনা, বিএসআরএম স্টিল, ডেলটা ব্র্যাক হাউজিং, বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, ন্যাশনাল পলিমার ও বেক্সিমকো ফার্মা।

ডিএসইতে আজ ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির। অপরিবর্তিত আছে ৫৬টির।