সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের মতো সূচক বাড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও। অন্যদিকে সার্বিক সূচক ও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে হয় ৪৫৫৭ পয়েন্ট। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে হয় ৪৫৪৯ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন হয় ৪৮০ কোটি ৯৮ লাখ টাকা; যা গত দিনের চেয়ে সাড়ে ৭৩ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪০৭ কোটি ২২ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, ‘বিনিয়োগকারীদের মধ্যে কিছুদিন একটা “ওয়েট অ্যান্ড সি” প্রবণতা ছিল। এখন আবার বিনিয়োগে আসছেন তাঁরা। আমরা বাজারে বেশ “ফ্রেশ ফান্ড” আসতে দেখছি। তিন দিন ধরে ডিএসইএক্স সূচক বেশ বেড়েছে। ইতিবাচক ধারায় আসছে বাজার।’

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক লিমিটেড, আল হাজ টেক্সটাইল, ন্যাশনাল টিউবস লিমিটেড, বিএসআরএম স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৬টির। অপরিবর্তিত আছে ৫২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে ১৬ দশমিক শূন্য ৮৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ছয় কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২০ কোটি ৯৪ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৪টির, অপরিবর্তিত আছে ৩৫টির।