সূচক ও লেনদেনে নিম্নগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর চার দিন ধরে একটু একটু করে কমছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচকটি ১১ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। এ নিয়ে টানা চার দিনে এই সূচক ৮৮ পয়েন্ট কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৪ এপ্রিল ডিএসইএক্স ৫ হাজার ৭৭৭ পয়েন্টে উঠেছিল। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর ওই দিনই সর্বোচ্চ অবস্থানে ওঠে সূচকটি। ৪ হাজার ৫৬ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু হওয়া এই সূচক গণনায় ডিএসইতে তালিকাভুক্ত ২৬৩ কোম্পানিকে হিসাবে ধরা হয়।
ডিএসইএক্স ছাড়াও ওই দিন ডিএসইর বাজার মূলধন, বাছাই কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচক ও শরিয়াভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচকও সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। ডিএসইএক্সের মতো ডিএস-৩০ এবং ডিএসইএস সূচকও কমেছে গত চার দিনে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচকের এ উত্থান-পতনে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এখন পর্যন্ত বাজারের যে আচরণ, তা স্বাভাবিক রয়েছে।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, সূচক ও লেনদেন একেকটি ধাপে উন্নীত হওয়ার পর কিছুটা ধীর গতি দেখা দেয় তাতে। এ সময় বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নেয়। অপর একটি অংশ নতুন করে বিনিয়োগ করে। মুনাফা তুলে নেওয়া ও নতুন করে অবস্থান নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। এরপর আবারও বাজারে নতুন করে গতি সঞ্চার হয়।
শাকিল রিজভী বলেন, সূচক ৫ হাজার বা তার আশপাশে থাকার সময় যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁদের অনেকের এ কদিনে বেশ ভালো মুনাফা হয়েছে। গত দুই-তিন মাস আগেও যাঁরা বাজারে ভালো শেয়ারে যৌক্তিক দামে বিনিয়োগ করেছেন, এখন এসে তাঁদের অনেকের বিভিন্ন শেয়ারে গড়ে ২০-২৫ শতাংশ মূলধনি মুনাফা হয়েছে।
এদিকে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারের বিক্রির চাপ ছিল সর্বাধিক। ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে ৭ শতাংশ কমেছে। লেনদেনে আধিপত্য ছিল ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশ ছিল ব্যাংকের আর প্রায় ১৬ শতাংশ ছিল আর্থিক খাতের কোম্পানিগুলোর।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা কম। ডিএসইতে এদিন আবারও লেনদেনের শীর্ষে উঠে আসে লঙ্কাবাংলা ফিন্যান্স। গতকাল দিন শেষে ঢাকার বাজারে এককভাবে কোম্পানিটির প্রায় ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিটি শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকায়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও বেড়েছে লেনদেন। দিন শেষে সিএসইর সার্বিক সূচকটি প্রায় ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১০ পয়েন্টে। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি।
ডিএসই-সিএসই বৈঠক
দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের মধ্যে ডিএসইর সম্মেলনকক্ষে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে উভয় স্টক এক্সচেঞ্জে যৌথ সফটওয়্যার চালু, ভালো কোম্পানি বাজারে আনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা প্রদান, ব্রোকারেজ হাউসের নতুন শাখা খোলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডিএসইর পক্ষে সংস্থাটির সভাপতি আবুল হাশেম ও সিএসইর সভাপতি এ কে আবদুল মোমেন বৈঠকে নেতৃত্ব দেন। এ সময় দুই স্টক এক্সচেঞ্জের অন্যান্য পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।