সূচক ও লেনদেনের গতি বাড়ছে দুই পুঁজিবাজারে
গেল দুই কার্যদিবসের ধারাবাহিকতায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই বাড়ছে ডিএসইএক্স সূচক। অন্যদিকে, সার্বিক সূচক বাড়তে দেখা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে হয় ৪৫৫৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১২টা নাগাদ ১৯০ কোটি টাকা ছাড়িয়েছে।
গত কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৩৪ কোটি টাকা। অর্থাৎ, আজ লেনদেনে কিছুটা গতি লক্ষ করা যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর ১২টা মোট পর্যন্ত মোট ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে, যার মধ্যে ১৩৬টি কোম্পানির শেয়ারেরই দর বেড়েছে। এ ছাড়া ১২টা পর্যন্ত দর কমেছে ১০৮টির, অপরিবর্তিত আছে ৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ২৬ দশমিক ৭৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ, সিএসইতেও আজ লেনদেনের গতি কিছুটা ভালো। গত কার্যদিবসে দুপুর ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ছিল ছয় কোটি টাকা। ১২টা নাগাদ হাতবদল হওয়া ১৭৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৬১টির, অপরিবর্তিত আছে ৩৪টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট