সূচক ও লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে
এক দিন দরপতনের পর সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বেড়েছে দৈনন্দিন লেনদেনের পরিমাণও।
আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে উঠে এসেছে ৪৭১১ পয়েন্টে। গতকাল সোমবার ডিএসইএক্স সূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে হয় ৪৬৯২ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৫৯ লাখ টাকা, যা গতকালের চেয়ে প্রায় ৮৫ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৫৬ কোটি ৭১ লাখ টাকা।
আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো ডরিন পাওয়ার, সিঙ্গার বিডি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড, আইটি কনসালট্যান্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, লংকা বাংলা ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৮টির। অপরিবর্তিত ৪৮টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৭৬ দশমিক ১২ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ টাকা, যা গতদিনের চেয়ে তিন কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৬৯ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৭৫টির, অপরিবর্তিত ৩৬টির।