সূচক কমছেই পুঁজিবাজারে
সূচক কমছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের গতি বেশ কম ডিএসইতে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। গতি কম লেনদেনও।
এ ছাড়া কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।
আজ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়। বিরতিহীনভাবে চলবে বেলা দুইটা পর্যন্ত।
গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৪১৩ পয়েন্টে।
ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৮৪ পয়েন্টে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১৭১ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৭২টির। দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৮৪ দশমিক ৪৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ৮ কোটি ১৭ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ১৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৯৯টির। দর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির।