সূচক কমছেই শেয়ারবাজারে
সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে শেয়ারবাজারে। গতকাল সোমবারের ধারাবাহিকতায় আজও সূচক কমছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫০ পয়েন্ট।
গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বা ১ শতাংশ কমে অবস্থান করে ৪ হাজার ৯৪৬ পয়েন্ট। মোট লেনদেন হয় ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইতে আজ বেলা ১টা নাগাদ লেনদেন হয়েছে ৬৯৫ কোটি ১৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৭৬টির, অপরিবর্তিত আছে ৫০টির দর।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, ইসলামি ইনস্যুরেন্স, বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, রূপালি ইনস্যুরেন্স, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স।
সিএসইতে গতকাল সার্বিক সূচক কমে ১৩৮ পয়েন্ট। সিএসইতে আজ বেলা ১টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৮টির, অপরিবর্তিত আছে ৪০টির দর।