সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের পতন অব্যাহত থাকলেও দুই স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেনের উন্নতি হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩১ কোটি টাকা। এর আগে সর্বশেষ ২৩ আগস্ট ডিএসইতে ৫৮৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকা। এর আগে সর্বশেষ ২২ আগস্ট সিএসইতে লেনদেন ২৫ কোটি টাকার ওপরে ছিল।

এদিকে ঢাকার বাজারে সূচকের পতন গতকাল একটানা আট দিনে গড়াল। এই আট দিনে ডিএসইর সূচক ৭১ পয়েন্ট কমে নেমে গতকাল দিন শেষে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫২৪ পয়েন্টে। চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটি ২২ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় ১৩ হাজার ৯০৩ পয়েন্টে।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ও ‘ওয়েট অ্যান্ড সি’ আচরণের কারণে সূচকের নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। সূচকের পতনের মধ্যেও বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। যার ফলে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এ লেনদেন বাড়ার পেছনে ‘ব্লক মার্কেটের’ অবদান রয়েছে। গতকাল দিন শেষে ডিএসইতে ব্লক মার্কেটে প্রায় ৩২ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে এদিন সর্বোচ্চ ১৪ কোটি টাকার সমমূল্যে ডেলটা ব্র্যাক হাউজিংয়ের (ডিবিএইচ) প্রায় ১৩ লাখ শেয়ার হাতবদল হয়। একই মার্কেটে এদিন জেমিনি সি ফুডেরও প্রায় ৭ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়।

ব্লক মার্কেটে লেনদেনের ক্ষেত্রে সাধারণত ক্রেতা-বিক্রেতা ও শেয়ারের দাম পূর্বনির্ধারিত থাকে। একসঙ্গে বড় অঙ্কের শেয়ার কেনাবেচার ক্ষেত্রে লেনদেনের সুবিধার্থে ব্লক মার্কেটকে ব্যবহার করা হয়।

ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা। এককভাবে এদিন কোম্পানিটির প্রায় ৩৪ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল ঘটে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল শাহজিবাজার পাওয়ার। এককভাবে এদিন কোম্পানিটির প্রায় ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানি দুটিরই শেয়ারের দাম আগের দিনের চেয়ে বেড়েছে। যদিও ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন ঘটেছে।

ঢাকার বাজারে গতকাল ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯২টিরই দাম আগের দিনের চেয়ে কমেছে, বেড়েছে ৭৪টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির দাম।

চট্টগ্রামের বাজারে গতকাল ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টির দাম কমেছে, বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ৪০টির দাম।