সূচক কমেছে ডিএসইতে, ঘুরে দাঁড়িয়েছে সিএসই
টানা সাত দিন সূচক কমল ঢাকার পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। তবে গত কয়েক দিনের দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
ডিএসইতে আজ সামান্য কমেছে ডিএসইএক্স সূচক। লেনদেন শেষে অবস্থান করছে ৪৫৩৪ দশমিক ০৪ পয়েন্টে। গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৯ দশমিক ৭১ পয়েন্ট কমে হয় ৪৫৩৪ দশমিক ৫৫ পয়েন্ট। আজ মোট লেনদেনের পরিমাণ ৪১০ কোটি ৫৫ লাখ টাকা; যা গত দিনের চেয়ে ৫৫ কোটি টাকা কম। গতকাল মোট লেনদেন হয় ৪৬০ কোটি ৫১ লাখ টাকা।
পুঁজিবাজারের বিশ্লেষকেরা বলছেন, ঈদুল আজহা সামনে রেখে বাজারে কিছু তারল্য ঘাটতির চাপ তৈরি হয়েছে। তাই সূচক কমতে দেখা যাচ্ছে। তবে লেনদেনের শীর্ষে প্রতিদিন নতুন নতুন প্রতিষ্ঠান উঠে আসছে, যা বেশ ইতিবাচক।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আল হাজ টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড ও মিথুন নিটিং।
আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। অপরিবর্তিত ৪৯টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে ৫ দশমিক শূন্য ২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১৯ কোটি ৭১ লাখ টাকা। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২৩ কোটি ৬৫ লাখ টাকার। আজ হাতবদল হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১০০টির, অপরিবর্তিত আছে ৩৭টির।