সূচক কমেছে দুই পুঁজিবাজারে
সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। অপর দিকে সার্বিক সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে আজ দুপুর সোয়া ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক বেড়ে ৪৭০০ পয়েন্ট ছাড়ালেও লেনদেন শেষে ৪ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। অবস্থান করছে ৪৬৯০ পয়েন্টে। মোট লেনদেন ছাড়িয়েছে ৫৩১ কোটি ২৪ লাখ টাকা, যা গত কার্যদিবসের চেয়ে দেড় শ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৮১ কোটি ৬০ লাখ টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, গেল কয়েক কার্যদিবসে সূচক বেশ বেড়েছে ডিএসইতে। তাই বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা আজ লক্ষ করা গেছে। এ জন্য সূচক কিছুটা কমেছে। তবে এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বিএসআরএম স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইয়াকিন পলিমার লিমিটেড, ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ও সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসইতে আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৯টির। অপরিবর্তিত আছে ৪৬টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ২৯ দশমিক ০৮ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ২৮ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১০৯টির, অপরিবর্তিত আছে ৩২টির।