সূচক কমেছে দুই পুঁজিবাজারে

সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক কমলেও গতকালের চেয়ে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে ডিএসইতে।
ডিএসইতে আজ লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৪ দশমিক ৪২ পয়েন্ট, অবস্থান করছে ৬৩০২ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৯১ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৪২টির দর।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, কয়েক দিন ধরে বাজারে সূচক বেশ বেড়েছে। ইতিবাচক রয়েছে বাজার। এ জন্য আজ কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা গেছে বিনিয়োগকারীদের মাঝে। এ জন্য লেনদেন শেষে সূচক কিছুটা কমেছে।
গত তিন কার্যদিবসে ডিএসইতে সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১৪ দশমিক ৩৬ পয়েন্ট।
ডিএসইতে আজ দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বিডি অটো কারস, পদ্মা লাইফ ইনস্যুরেন্স, স্টান্ডার্ড ইনস্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সালভো কেমিক্যাল, নুরানি, ওসমানিয়া গ্যালভানাইজিং ও কাশেম ড্রাইসেল।
আজ লেনদেনের শীর্ষে আছে লঙ্কা-বাংলা ফাইন্যান্স। গতকাল রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ ছিল কোম্পানিটির। এ ছাড়া লেনদেনের শীর্ষে ছিল এবি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড, ফুয়াং ফুড, বিবি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেড।
অন্যদিকে, সিএসইতে আজ সার্বিক সূচক কমেছে ৯২ দশমিক ৫৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় সাড়ে ৪৪ কোটি ৮২ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।