সূচক কমেছে পুঁজিবাজারে

গত কার্যদিবস বড় ধরনের উত্থানের পর আবার সূচক কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫২ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। কমেছে মোট লেনদেনের পরিমাণ, হয়েছে ৪৬৭ কোটি ৩৪ লাখ টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক (সিএএসপিআই) কমেছে ১০৯ পয়েন্ট।
বেশ কয়েক দিন ধরেই উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। গত তিন কার্যদিবসে ডিএসইতে সূচক বাড়ে ২১৯ পয়েন্ট। এর আগের দুই কার্যদিবসে সূচক কমে ৯১ পয়েন্ট। গতকাল রোববার বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয় ডিএসইতে, সূচক বাড়ে ১০৮ পয়েন্ট। মোট লেনদেন হয় ৫৩৫ কোটি ৯৫ লাখ টাকা। পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারের এ ঘুরে দাঁড়ানোর পেছনে প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারণ মহল ও বিএসইসির বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে আজ কিছুটা মূল্য সংশোধন হয়েছে বলে মনে করছেন তাঁরা।
আজ লেনদেন শেষে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৫৮টির, অপরিবর্তিত আছে ২৭টির দর। লেনদেন শেষে শীর্ষে রয়েছে যে কোম্পানিগুলো সেগুলো হলো—ফরচুন সুজ, এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেড, ন্যাশনাল পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিকস, ন্যাশনাল টিউবস, জেনেক্স ইনফোস লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
দর বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে যে কোম্পানিগুলো সেগুলো হলো—এসএস স্টিল লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেড, জেনেক্স ইনফোস লিমিটেড, কে অ্যান্ড কিউ লিমিটেড, নিটল ইনস্যুরেন্স, প্রভাতি ইনস্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফরচুন সুজ।
দর কমার তালিকায় শীর্ষে রয়েছে যে কোম্পানিগুলো সেগুলো হলো—তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, এমারেল্ড ওয়েল, ঢাকা ব্যাংক লিমিটেড, ফেডারেল ইনস্যুরেন্স, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সোনালি আঁশ, ইউনাইটেড ইনস্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, মালেক স্পিনিং ও পিপলস ইনস্যুরেন্স।
অপরদিকে সিএসইতে আজ লেনদেন শেষে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত আছে ১৫টির।