সূচক কমেছে, বেড়েছে লেনদেন
সূচকের নিম্নগতিতে আজ বুধবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক কমেছে। শুরু থেকে বেশ কয়েকবার ওঠানামা করে সূচক। এদিকে সূচক কমলেও আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ১৯ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০৯ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে ৫ পয়েন্ট সূচক বাড়ে। এরপর একাধিকার ওঠানামার পরদিন শেষে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে।
আজ ডিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে। কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৩ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ৪৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৪৯ পয়েন্টে।
সিএসইতে আজ ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। আজ প্রতিষ্ঠানটির ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, কেপিপিএল, এমজেএল বিডি, খুলনা পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার, এসিআই, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস প্রভৃতি।