সূচক কমেছে, বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নগতিতে আজ বুধবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। আগের দিনের (সোমবার) ধারাবাহিকতায় আজও দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকের নিম্নমুখী এই প্রবণতা। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে। আজ ডিএসইতে ৭০০ কোটির ওপরে লেনদেন হয়েছে।

ডিএসইতে ৭৪৩ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০১৭ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক বাড়ে ১৮ পয়েন্ট। কিন্তু ঊর্ধ্বমুখী এই প্রবণতা ধরে রাখতে পারেনি বাজার। ১০ মিনিট পর থেকে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় নিম্নমুখী প্রবণতায় যায় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। সোমবার ডিএসইতে সূচক কমেছিল ৪০ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টির দাম বেড়েছে। কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৭৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৫৮ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে একই অবস্থা বিরাজ করছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৮০ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৩টির দাম বেড়েছে, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি। সোমবার এ বাজারে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আজ প্রতিষ্ঠানটির ৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কেপিপিএল, কেয়া কসমেটিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, গ্রামীণফোন প্রভৃতি।