সূচক কমেছে, বেড়েছে লেনদেন
সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে লেনদেন বেড়েছে উভয় বাজারেই। এদিকে গতকাল আটটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৭৩৯ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমেছে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। গতকালের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৪৯৩ পয়েন্টে।
আগের কার্যদিবস অর্থাৎ গত বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক বেড়েছিল ২১ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ৬৭ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৬টির দাম বেড়েছে। কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৩৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে ৪০ কোটি টাকা বেশি। ওই দিন ২৯৬ কোটি টাকার লেনদেন হয়।
সিএসইতে গতকাল ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টির দাম বেড়েছে। কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল হেইডেলবার্গ সিমেন্ট। এ কোম্পানির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সোস্যাল ইসলামী ব্যাংক, সিঙ্গার বিডি, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসসিসিএল, এমজেএল বিডি, এসিআই, আইডিএলসি প্রভৃতি।
লভ্যাংশ ঘোষণা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি গতকাল শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এগুলোর মধ্যে হেইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের জন্য ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১২ মার্চ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১১৮ কোটি টাকা।
সোস্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ শেয়ারধারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত এজিএম ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ মার্চ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড প্রতি শেয়ারে মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা।
পূবালী ব্যাংকের পর্ষদ শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত এজিএম ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ মার্চ। প্রতিষ্ঠানটি জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা।
প্রাইম ব্যাংকের পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত এজিএম ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ মার্চ।
এ ছাড়া ব্যাংক এশিয়ার পর্ষদ ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, সিনো বাংলার পর্ষদ ১০ শতাংশ নগদ, লিন্ডে বিডির পর্ষদ ১১০ শতাংশ চূড়ান্ত নগদ এবং সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।