সূচক নিম্নমুখী ও লেনদেনের গতি কম পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার সূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে সূচক।
আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। এ ছাড়া গত কার্যদিবসের চেয়ে লেনদেনের গতি কিছুটা কম লক্ষ করা যাচ্ছে দুই পুঁজিবাজারেই।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইএক্স সূচক কমেছে ৯ দশমিক ৬৩ পয়েন্ট। অবস্থান করছে ৪৬৮৯ পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ২৮২ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৬৭টির আর দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৪১ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১১ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ২১ কোটি ৫১ লাখ টাকা। আজ সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ১০০টির আর দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।