সূচক বাড়লেও কমেছে লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের এই ইতিবাচক প্রবণতা। তবে লেনদেন কমেছে দুই বাজারে।
আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের বাজার বিশ্লেষণে বলা হয়, কিছুটা অস্থিরতা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। সম্প্রতি সূচকের বেশ উত্থান-পতন লক্ষ করা যাচ্ছে। অপেক্ষাকৃত ছোট এবং স্বল্প মূলধনী কোম্পানি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। আর এ কারণে বিনিয়োগকারীরা এসব স্বল্প মূলধনী কোম্পানির দিকে ঝুকছেন। এমনকি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে ৮৯টিই স্বল্প মূলধনী কোম্পানি। আজ এ কোম্পানিগুলোর ২ শতাংশের বেশি দাম বেড়েছে বলে বিশ্লেষণে বলা হয়।
ডিএসইতে ৬৬৮ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৯৩৪ পয়েন্টে।
এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর সূচক ওঠানামা করলেও দিন শেষে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকে।
আজ ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে। কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪১ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৬৬ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২২০ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টির দাম বেড়েছে, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আজ প্রতিষ্ঠানটির ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বারাকাতুল্লাহ ইলেক্টে্রা ডায়নামিকস, দ্য পেনিনসুলা চিটাগং, কেয়া কসমেটিকস, সাইফ পাওয়ারটেক, ডেসকো, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি প্রভৃতি।