সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে ১২৩ কোটি টাকা কমে গেছে। আজ ডিএসইতে ৯৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৯৮ কোটি টাকা। তবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১৫ পয়েন্টে।

সূচকের ঊর্ধ্বগতি দিয়েই আজ সকাল সাড়ে ১০টায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। লেনদেন শেষে এ ঊর্ধ্বগতি অব্যাহত থাকলেও দুপুরের পর এই গতি কিছুটা শ্লথ হয়ে যায়। তাই লেনদেনের একপর্যায়ে সূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বাড়লেও শেষভাগে এসে তা কমেছে।
দিনের শুরু থেকে ব্যাংক খাতসহ সূচকে বড় ধরনের প্রভাব ফেলে—এমন কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে মবিল যমুনা লুব্রিকেন্টস, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, গ্রামীণফোন ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স। এর মধ্যে মবিল যমুনা বাদে বাকি চারটি কোম্পানিই ব্লু চিপস বা ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত। ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম।