সূচক বাড়ছে দুই পুঁজিবাজারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বেলা ১১টার দিকে ডিএসইএক্স সূচক একপর্যায়ে ১৬ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়।

সূচকের সঙ্গে সঙ্গে ডিএসইতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে ভালো গতি লক্ষ করা যাচ্ছে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭২০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৯ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয় ২৬১ কোটি ৪০ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির। দর কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ২৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৫ কোটি ৭১ লাখ টাকা। আজ সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ৩৩টির।