সূচক বাড়ছেই দুই পুঁজিবাজারে
দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়ছেই। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এর আগে টানা আট কার্যদিবস সূচক বাড়তে দেখা যায় ডিএসইতে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বাড়ছে সার্বিক সূচক। একই সঙ্গে আজ দুই পুঁজিবাজারেই লেনদেনের বেশ ভালো গতি লক্ষ করা যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৫ পয়েন্টে। গতকাল রোববার নয় দিন ঈদের ছুটির পর কার্যক্রম শুরু হয় পুঁজিবাজারে, লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বৃদ্ধি পায় ২২ দশমিক ৮৯ পয়েন্ট।
আজ দুপুর ১২টা পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১৯৮ কোটি টাকা। গতকাল দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৯২ কোটি টাকা। অর্থাৎ, আজকে লেনদেনের বেশ ভালো গতি লক্ষ করা যাচ্ছে ডিএসইতে। দুপুর ১২টা নাগাদ হাতবদল হওয়া ২৯৭টি কোম্পানির মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৯১টির, অপরিবর্তিত আছে ৭৫টির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ৩০ দশমিক ৮৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১২টা নাগাদ ১০ কোটি ৫৭ লাখ টাকা। হাতবদল হওয়া ১৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৬১টির, অপরিবর্তিত আছে ২৫টির।