সূচক বাড়লেও কমেছে দৈনন্দিন লেনদেন
শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জেই এই ঘটনা ঘটেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার ৪০৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে গত সোমবার লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪০ কোটি ৬৯ লাখ টাকা।
মাঝখানে পূজা ও মহররমের ছুটির কারণে মঙ্গল ও বুধবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সোমবার এ বাজারে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।
লেনদেন কমলেও ডিএসইতে গতকাল মূল্যসূচক বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকাল ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস বা শরিয়াহ-সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইএক্স ৯ দশমিক ৩১ পয়েন্ট কমেছিল। তারও আগের দিন গত রোববার এ সূচক কমেছিল ২৫ দশমিক ১০ পয়েন্ট।
আবার সিএসইর সার্বিক সূচক সিএসসিএক্স গতকাল ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৮৭ দশমিক ৩০ পয়েন্টে। আগের কার্যদিবসে সোমবার এ সূচক ১৯ দশমিক ১৩ পয়েন্ট কমেছিল। তারও আগের কার্যিদবসে কমেছিল ৪২ দশমিক ৫১ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। আর সিএসইতে লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
এদিকে ডিএসই সূত্রে গতকাল তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদ বৈঠকের তথ্য জানা গেছে। প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠক ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে কোম্পানির ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বৈঠক থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ২০১৫ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এই কোম্পানি।
২০০৭ সালে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠক ১৮ অক্টোবর। এতে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ বৈঠক থেকে কোম্পানির তৃতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।
সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠক ২২ অক্টোবর। কোম্পানির ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এতে পর্যালোচনা করা হবে। ২০১৪ সালে এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এ বছর তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠক ২২ অক্টোবর। এতে কোম্পানির ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড ও অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের পরিচালনা পর্ষদের বৈঠক ১৮ অক্টোবর। কোম্পানি দুটির ১৮ মাসের অর্থাৎ ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বার্জার পেইন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠক ১৮ অক্টোবর। এতে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।