সূচক বাড়লেও লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে দুই পুঁজিবাজারেই আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।
আজ বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে হয় ৪৫৪৯ পয়েন্ট। আট দিন দরপতনের পর গতকাল ইতিবাচক ধারায় ফেরে ডিএসইএক্স সূচক। গতকাল দুই পয়েন্টের মতো বাড়ে এই সূচকটি। আজও সেই ধারা অব্যাহত ছিল।
ডিএসইতে আজ মোট লেনদেন হয় ৪০৭ কোটি ২২ লাখ টাকা, যা গত দিনের চেয়ে দুই কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪০৯ কোটি ৩৯ কোটি টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, টানা কয়েক দিন অব্যাহত দরপতনের পর গতকাল থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার। গত কয়েক দিন মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছিল। তাই সূচক কমে। আজ ডিএসইএক্স সূচক বেশ বেড়েছে। এটা বাজারের স্বাভাবিক অবস্থা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আইপিডিসি, বাংলাদেশ শিপিং করপোরেশন ও স্কয়ার ফার্মা।
আজ ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৫টির। অপরিবর্তিত আছে ৬৪টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে ৬৫ দশমিক শূন্য ৫৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ২০ কোটি ৯৪ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় দেড় কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২২ কোটি ৭ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৬৮টির, অপরিবর্তিত আছে ৪৮টির।