সূচক বাড়লেও লেনদেনের গতি কম দুই পুঁজিবাজারে
দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও লেনদেন কিছুটা কম। সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিএসইএক্স সূচক একপর্যায়ে ১২ পয়েন্ট পর্যন্ত বাড়ে।
সূচকের সঙ্গে ডিএসইতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭২০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২০৭ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয় ২৩৯ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির। দর কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ৯ কোটি ৩২ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৭ কোটি ৩৭ লাখ টাকা। আজ সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত ৪০টির।