সূচক বাড়লেও লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে
টানা দুদিন সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে লেনদেন গতকালের মতো ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর দিকে দৈনন্দিন লেনদেন কমেছে সিএসইতে।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৬৭৬ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স সূচক ১৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে হয় ৪৬৬৪ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৬০৭ কোটি ১৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে ৩৯ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো শাশা ডেনিমস, বিবিএস, কাশেম ড্রাইসেল, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং লিমিটেড, বিডি থাই ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড। ডিএসইতে আজ ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২১টির। অপরিবর্তিত ৪১টির দাম।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৫৫ দশমিক ৭২ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি ৮৩ লাখ টাকা, যা গতকালের চেয়ে ৬ কোটি টাকা কম। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি ৩৪ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৮টির, অপরিবর্তিত ৩৯টির।