সূচক বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৭ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি অপর দুটি সূচক ডিএসইএস ৭ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৬১ পয়েন্টে।
দুই বাজারে সূচক বাড়লেও লেনদেনের ক্ষেত্রে ছিল ভিন্ন অবস্থা। ঢাকার বাজারে এদিন লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রামের বাজারে।
এর আগে গত রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট ও সিএসইর সার্বিক মূল্যসূচক ২২৪ পয়েন্ট কমেছিল।
এদিকে ঢাকার বাজারে গতকাল ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৯টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে ৩১৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম। রোববার ডিএসইতে ৩৫৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে সিএসইতে সোমবার ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত ছিল ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে এদিন ৫৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। রোববার সিএসইতে ৩৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড এয়ার। এদিন কোম্পানিটির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকার পরবর্তী অবস্থানে ছিল যথাক্রমে হেইডেলবার্গ সিমেন্ট, কেপিসিএল, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, সামিট পাওয়ার, বেক্সিমকো, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও আরএকে সিরামিকস।