সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭১৪ পয়েন্টে। গতকাল মঙ্গলবার প্রায় এক বছর পর ৪৭০০ পয়েন্টের ওপরে উঠে আসে ডিএসইএক্স। তবে সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে।
অপর দিকে সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসইতে আজ মোট লেনদেন ছাড়িয়েছে ৫২৬ কোটি ৭৮ লাখ টাকা; যা গতকালের চেয়ে ৩৬ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৬২ কোটি ৩২ লাখ টাকা।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো সিঙ্গার বিডি, যমুনা অয়েল, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিজ ও ইফাদ অটোস।
ডিএসইতে আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১১টির। অপরিবর্তিত আছে ৬৩টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ২২ দশমিক ৮৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকা; যা গত দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা। আজ হাতবদল হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৮৬টির, অপরিবর্তিত আছে ৩৮টির।