সূচক সামান্য কমেছে দুই বাজারে
সূচকের নিম্নমুখী প্রবণতায় গতকাল রোববার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বেড়েছে।
দিনের লেনদেন শেষে ঢাকার বাজারে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৪৯ পয়েন্টে। এর আগে দিনের শুরুতেই সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ৯ পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পরে তা নিম্নমুখী হয়ে পড়ে; যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গত বৃহস্পতিবার ডিএসইতে সূচক বেড়েছিল ১৮ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দাম বেড়েছে, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ২৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবারের ২৩১ কোটি টাকার চেয়ে ৬ কোটি টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৫৩ দশমিক ৩১ পয়েন্টে।
সিএসইতে এদিন ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৪টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই বাজারে মোট ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।