সূচক সামান্য বেড়েছে ডিএসই-সিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক সামান্য বেড়েছে। পাশাপাশি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)।

ডিএসইতে ৪২৬ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৩০ দশমিক ৮২ পয়েন্টে।
এর আগে দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর একাধিকবার ওঠানামা করে শেষ পর্যন্ত সামান্য বাড়ে সূচক।

আজ ডিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টির দাম বেড়েছে। কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৩২ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২১০ পয়েন্টে।

সিএসইতে আজ ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দাম বেড়েছে। কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো ফার্মা
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ প্রতিষ্ঠানটির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, হামিদ ফেব্রিক্স, কেয়া কসমেটিকস, কাশেম ড্রাইসেলস, স্কয়ার ফার্মা, আরএন স্পিনিং, বেক্সিমকো, গ্রামীণফোন, বিডি থাই প্রভৃতি।