সূচক সামান্য বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সামান্য সূচক বেড়েছে। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।
ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪৭২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বৃদ্ধির হার কমলেও দিন শেষে ইতিবাচক প্রবণতায় থাকে সূচক।
আজ ডিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৩১ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৭৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম বেড়েছে। কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ এ প্রতিষ্ঠানের ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, আরগন ডেনিমস, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, দ্য পেনিনসুলা চিটাগং প্রভৃতি।