সূচকের ইতিবাচক ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক ধারা অব্যাহত আছে আজ সোমবারও। এর আগে গতকাল রোববারও সূচক ইতিবাচক ধারায় ছিল। আজ লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। বেড়েছে লেনদেনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৭৯১ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর সূচক ওঠানামা করলেও দিন শেষে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকে।

আজ ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে। দাম কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৪৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে।

সিএসইতে আজ ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টির দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল আমান ফিড। আজ প্রতিষ্ঠানটির ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এমারলড অয়েল এবং বিএসআরএম প্রভৃতি।