সূচকের ইতিবাচক ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক বাড়ছেই দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে ডিএসইতে। অন্যদিকে, সিএসইতে আজ দৈনন্দিন লেনদেনের গতি কম লক্ষ করা যাচ্ছে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬৩ পয়েন্টে। গতকাল বুধবার এ সময় পর্যন্ত ডিএসইএক্স সূচক ২৮ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে হয় ৪৬২৫ পয়েন্ট। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২৪৪ কোটি ২৮ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২২৯ কোটি ৩৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৮৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৯৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৩ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৪ কোটি ২৬ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৪৮টির। দর অপরিবর্তিত ৩০টির।