সূচকের উত্থানে লেনদেন পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস সূচক বাড়লেও লেনদেনের গতি বেশ কম ডিএসইতে।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স দুপুর ১২টা পর্যন্ত বেড়েছে ৩০ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ১৮১ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৫৪ কোটি ৩৫ লাখ টাকা। আজ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৯১টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।

গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। মোট লেনদেন হয় ৬৭৯ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে আছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এবি ব্যাংক লিমিটেড, ইফাদ অটোজ, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, বিডি থাই, স্কয়ার ফার্মা, বিডি ওয়েল্ডিং ও লঙ্কা-বাংলা ফিন্যান্স।

ডিএসইর ওয়েবসাইট থেকে পাওয়া কিছু তথ্য
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সাত বছর মেয়াদি এ বন্ডের নাম হবে দ্বিতীয় মুদারাবা রেডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করছে ব্যাংকটি। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পরেই এই বন্ড ইস্যু করতে পারবে কোম্পানিটি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারের জন্য ২৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালের ৩০ জুন ছয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। (জানুয়ারি-জুন, ১৭) সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি হয়েছে ৭৫ টাকা ৬৮ পয়সা। এর জন্য রেকর্ড রেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৯৫ দশমিক ৪২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ৮ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫ কোটি ২৭ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৫৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।