সূচকের উত্থানে শুরু পতনে শেষ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বগতির মধ্যে আজ সোমবার লেনদেন শুরু হলেও পতনের মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন লক্ষ করা গেছে। সেই সঙ্গে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইর প্রধান সূচক কমেছে ৩২ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৪৪ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতির মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টা শেষে সূচক বাড়ে ৪৮ পয়েন্ট। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক কমেছিল ১০৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দাম বেড়েছে। কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৮৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯০৫ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৪৫ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে যমুনা অয়েল
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে তিতাস গ্যাস। আজ প্রতিষ্ঠানটির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, আরএকে সিরামিকস, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক প্রভৃতি।