দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার আবারও প্রায় ছয় শ কোটি টাকার লেনদেন হয়েছে। দিন শেষে এই বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৭ কোটি টাকা, যা চলতি বছরে এ পর্যন্ত এবং গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
ডিএসইতে এর আগে সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর ৬২৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর চলতি বছরের মধ্যে সর্বোচ্চ (গতকাল বাদে) লেনদেনের পরিমাণ ছিল ৫৬৩ কোটি টাকা, সেটি হয়েছিল গত ১৯ এপ্রিল।
এদিকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। এদিন ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বা ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৯ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক এদিন ২৩৮ পয়েন্ট বা ১ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৪২১ পয়েন্টে।
ডিএসইতে এ নিয়ে টানা পাঁচ দিনে প্রধান সূচকটি বেড়েছে ৩৯০ পয়েন্ট। গত ৪ মে প্রধান সূচক ডিএসইএক্স কমে চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে চলে যাওয়ার পরদিন থেকেই তা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসে। অন্যদিকে পাঁচ দিনে সিএসইর সার্বিক সূচকটিও বেড়েছে ১ হাজার ২১২ পয়েন্ট। একই সঙ্গে লেনদেনেও গতি ফিরেছে দুই বাজারে।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, ডিএসইর প্রধান সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) বিভিন্ন পর্যায়ে নড়াচড়া শুরু হয়। পতন ঠেকাতে বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ৪ মে জরুরি বৈঠকে বসে বিএসইসি। তাতে বাজারের পতন রোধে প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। এর ফলে সূচকের টানা পতন থামে। আর তাতে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা আস্থা ফিরতে শুরু করে। যার ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, বাজারের এভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে বাস্তব কারণের সঙ্গে একাধিক মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। যেমন, সরকার সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে; যা শেয়ারবাজারে চাঙাভাব ফিরে আসার ক্ষেত্রে একটি বাস্তবভিত্তিক কারণ। ব্যাংকে রাখা আমানতের সুদের হার আগেই কমেছে, এখন সঞ্চয়পত্রের সুদ হার কমল। এ অবস্থায় বাড়তি মুনাফার আশায় বিভিন্ন খাত থেকে উদ্বৃত্ত অর্থ শেয়ারবাজারে আসবে, এটাই স্বাভাবিক। এর বাইরে সূচকের টানা পতনের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম যে পর্যায়ে নেমে এসেছিল, তাতেও চাহিদা বৃদ্ধি পাওয়াটা যৌক্তিক।
শাকিল রিজভী আরও বলেন, সম্প্রতি শেয়ারবাজার নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে একাধিক ব্যক্তি ইতিবাচক বক্তব্য দিয়েছেন। এতে করে হতাশাগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। এটি তাঁদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করেছে। বদৌলতে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে সূচকের ঊর্ধ্বগতিতে নেতৃত্ব দিয়েছে মূলত ব্যাংক ও বিমা খাত। এদিন লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২৮টিরই শেয়ারের দাম বেড়েছে। এসব শেয়ারের দাম গড়ে প্রায় ৭ শতাংশ বেড়েছে। আর বিমা খাতের লেনদেন হওয়া ৪৪টি কোম্পানির মধ্যে তিনটি বাদে বাকি ৪১টিরই দাম গড়ে সাড়ে ৫ শতাংশের বেশি বেড়েছে।
ডিএসইতে সোমবার ৩১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির। এই বাজারে গতকাল আগের দিনের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত ছিল ১৬টির। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।