সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে
টানা চার দিন দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার সূচক বাড়লেও গতকাল রোববারের চেয়ে লেনদেনের গতি কম লক্ষ করা যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬০৬ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ১৮৪ কোটি ৭২ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৩৮ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১০২টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ২২ কোটি ৮৪ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৭২টির। দর অপরিবর্তিত ২৮টির।
ডিএসইতে গত চার কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমে প্রায় ৮৮ পয়েন্ট।