সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো অর্থবছর
মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরের লেনদেন।
এর আগের দুই দিনও উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে প্রায় ৬০০ কোটি টাকার কাছাকাছি উঠেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন সামান্য কমেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় সংসদে গতকাল পাস হওয়া নতুন অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য বেশ কিছু প্রণোদনা রাখা হয়েছে। এসব প্রণোদনার কারণে নতুন বছরে শেয়ারবাজারে নতুন অর্থ আসবে, এমনটি আশা করছেন বিনিয়োগকারীরা। এর ফলে বাজারেও ইতিবাচক প্রভাব লক্ষ করা গেছে।
আইডিএলসি ইনভেস্টমেন্ট গতকাল বাজার বিশ্লেষণ করে এক প্রতিবেদনে বলেছে, বাজেটে কর অব্যাহতির কারণে এবং অর্থবিল ২০১৫ পাস হওয়ায় অর্থবছরের শেষ দিনে বাজারে ক্রেতাদের চাপ ছিল। এতে লেনদেন বৃদ্ধি পায় এবং ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী হয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৫৯০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিন সোমবারের চেয়ে ১৬২ কোটি টাকা বেশি। ওই দিন এই স্টক এক্সচেঞ্জে ৪২৮ কোটি টাকার লেনদেন হয়। এর আগে ৭ জুন ডিএসইতে ৬৪৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিকে গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস সূচক ১০ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৭ পয়েন্টে।
সোমবার ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট ও সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৬ পয়েন্ট বেড়েছিল।
ডিএসইতে গতকাল ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে সিএসইতে এদিন ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের। এই বাজারে লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। সোমবার সিএসইতে ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল বিএটিবিসি। এ প্রতিষ্ঠানটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, এএফসি অ্যাগ্রো, বেক্সিমকো, তশরিফা ইন্ডাস্ট্রিজ ও অ্যাপোলো ইস্পাত।
বিডি সার্ভিসের লভ্যাংশ ঘোষণা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিস শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের শেয়ারধারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ২৩ জুলাই।
বিডি সার্ভিস জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৩৮ পয়সা।
সন্ধানী লাইফের লভ্যাংশ ঘোষণা: সন্ধানী লাইফ ইনস্যুরেন্স শেয়ারধারীদের জন্য ২২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত রোববার ২০১৪ সালের শেয়ারধারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। আর রেকর্ড ডেট হলো ১২ আগস্ট। প্রতিষ্ঠানটি জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ১৬ পয়সা।