সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
শেয়ার বাজারে আজ সোমবারও সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। লেনদেন শেষে ঢাকা ও চট্টগ্রামের দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সূচকও কমেছে। তবে গতকাল মঙ্গলবারের চেয়ে লেনদেন বেড়েছে দুই শেয়ার বাজারে। গতকালও সূচক ছিল নিম্নমুখী।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার ৭৬৮ পয়েন্টে। ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৪৩ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১১৮ টির দাম বেড়েছে, কমেছে ১৫৯ টির। অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আজ সিএসইতে হাতবদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২ টির দাম বেড়েছে, কমেছে ১৩৭ টির। অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। সিএসইর লেনদেন আজ ৪৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইসলামি ব্যাংক। আজ এই প্রতিষ্ঠানের ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএসআরএম স্টিল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ও স্কয়ার ফার্মা প্রভৃতি।