সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে আজ সোমবার দেশের শেয়ার বাজারের লেনদেন। দিনের শেষে দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকও কমেছে। গতকাল রোববারের চেয়ে লেনদেনও কমেছে দুই স্টক এক্সচেঞ্জে। গতকালও সূচক নিম্নমুখী ছিল।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার ৭৯৩ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৬৮ টির দাম বেড়েছে, কমেছে ২১১ টির দাম। অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৩৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪৬৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪ টির দাম বেড়েছে। কমেছে ১৬৬ টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইর লেনদেন আজ ২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি। আজ এই প্রতিষ্ঠানের ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, ইসলামি ব্যাংক, লাফার্জ সুরমা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও অ্যাপেক্স ফুড প্রভৃতি।