সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকও কমেছে। দুই স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবারের চেয়ে লেনদেন বেড়েছে। এর আগে গতকালও শেয়ারের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছিল দেশের দুই শেয়ার বাজারের লেনদেন।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক এক পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার ৭৯২ পয়েন্টে। ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৮৬ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১২৩ টির দাম বেড়েছে, কমেছে ১৩৬ টির, অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে হাতবদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮ টির দাম বেড়েছে, কমেছে ১৩৮ টির, অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৯৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। অন্যদিকে সিএসইর লেনদেন আজ ৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আরএসআরএম স্টিল প্রভৃতি।