সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
সপ্তাহের চতুর্থ দিনে আজ বুধবারও সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল মঙ্গলবারও দেশের দুই শেয়ার বাজারের সূচক নিম্নমুখী ছিল। দিন শেষে দুই বাজারেই কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিন শেষে ২৬ পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৫৮ পয়েন্ট। এদিন ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৪১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা কম।
দেশের প্রধান এ শেয়ারবাজারে আজ লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গ্রামীণফোন, আমান ফিড, ইউনাইটেড এয়ার, এমারলড অয়েল ও লঙ্কা বাংলা ফাইন্যান্স প্রভৃতি।
এদিকে, আজ সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। লেনদেন শেষে ৫৫ পয়েন্ট কমে সিএসইর সার্বিক মূল্যসূচক অবস্থান করছে ১৪ হাজার ৫৭১ পয়েন্টে। আজ হাতবদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে, কমেছে ১৩৭টির দাম আর অপরিবর্তিত আছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৯ কোটি টাকার লেনদেন হয়েছে যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।