সূচকের নিম্নমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে
দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বুধবারের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ দৈনন্দিন লেনদেনের পরিমাণও কিছুটা কম দেখা যাচ্ছে। লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমছে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইএক্স সূচক কমেছে ১১ দশমিক শূন্য ৭ পয়েন্ট। অবস্থান করছে ৪৬৯১ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন ছাড়িয়েছে ২২৪ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন ছাড়ায় ২৯৮ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৬২টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৫২ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১০২টির। দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।