সূচকের পতন অব্যাহত, কমেছে লেনদেনও
দেশের শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা গতকাল সোমবারও অব্যাহত ছিল। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ২০ পয়েন্ট। সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনও কমেছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাজারে যখন টানা দরপতন চলে তখন বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি বাড়তে থাকে। এর ফলে সক্রিয় অনেক বিনিয়োগকারীও লেনদেনে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আর তারই নেতিবাচক প্রভাব দেখা যায় লেনদেন ও সূচকে।
জানতে চাইলে মার্চেন্ট ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ঐতিহাসিকভাবে রমজানের সময়টাতে বাজারে কিছুটা ধীরগতি থাকে। এ সময় বাজারে নতুন বিনিয়োগ কম আসে। সে অনুযায়ী এবারের রমজানেও কিছুটা ধীরগতি রয়েছে বাজারে। তবে এখনকার বাজারে বিক্রির চাপ কম। রমজানের পর বাজারের এ ধীরগতি কেটে যেতে পারে বলে মনে করছেন বিএমবিএর সাবেক এই নেতা।
ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে টানা তিন কার্যদিবস সূচক কমেছে। গতকাল লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫২৭ পয়েন্টে। ডিএসইতে এদিন ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে শেয়ারের দাম কমেছে ১৬৫টির, বেড়েছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ৪৯টি কোম্পানির। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা কম।
ঢাকার বাজারে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেসরকারি ইউনাইটেড এয়ার। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে—এ খবরে বেশ কিছুদিন ধরে এটির শেয়ারের দাম ও লেনদেন বাড়ছে। যদিও নতুন শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন করে শেয়ার ছেড়ে মূলধন বাড়ালে তাতে কোম্পানির শেয়ারপ্রতি আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ওই কোম্পানির আয় আগের চেয়ে না বাড়ে।
এদিকে, চট্টগ্রামের বাজারে গতকাল ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় শেয়ারের দাম কমেছে ১১৭টির, বেড়েছে ৮৭টির আর অপরিবর্তিত ছিল ৪০টি কোম্পানির। দিন শেষে সিএসইর সার্বিক সূচকটি কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৯৩৯ পয়েন্টে।
সোমবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।