সূচকের বড় উত্থান শেয়ারবাজারে
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। এই সময় শেয়ারবাজার খোলা থাকবে কি না, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও খোলা থাকবে—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যাংক খোলা থাকবে কি না, সে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ব্যাংক।
এদিকে আজ বুধবার কঠোর লকডাউনের আগের শেষ কার্যদিবস সূচকের বড় উত্থান দেখা যাচ্ছে শেয়ারবাজার। বেলা একটা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৬ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭১ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনের গতি কম। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৭৫০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৪৬টির, অপরিবর্তিত আছে ৩৯টির দর।
বেলা একটা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, ডেলটা লাইফ, বেক্সিমকো, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস, মালেক স্পিনিং, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, মুন্নু ফেব্রিকস, কুইন সাউথ ও পাইওনিয়ার ইনস্যুরেন্স।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৫৮টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।