সূচকের বড় উত্থান শেয়ারবাজারে
সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৪০ পয়েন্ট ছাড়িয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩৫ পয়েন্ট।
ডিএসইতে আজ ২ হাজার ৮৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৫ কোটি ৩৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৯০১ কোটি টাকার। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, বিএটিবিসি, সামিট পাওয়ার, সাইফ পাওয়ার, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, বিবিএস কেব্লস ও ডরিন পাওয়ার।
দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ফ্যাস ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, প্রিমিয়ার লিজিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও বাটা সু লিমিটেড।
অপর দিকে সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।