সূচকের মিশ্র প্রবণতা দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল কয়েক কার্যদিবস ধরে টানা দর বৃদ্ধির পর সূচকের কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচকের মিশ্র প্রবণতা থাকলেও দৈনন্দিন লেনদেনের ভালো গতি আছে দুই পুঁজিবাজারে।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে ডিএসইতে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৫৫৭৮ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১০৭৬ কোটি ১৪ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২০৩ কোটি ১৭ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৪৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১৮ দশমিক ৮২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৬২ কোটি ৬৪ লাখ টাকা। গত কার্যদিবসে এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৩৬ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১২৬টির। দর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির।

গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন ২০১০ সালের অবস্থায় ফিরে যায় এবং ডিএসইএক্স সূচক সাড়ে ৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়ে সর্বোচ্চ অবস্থানে উঠে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা। ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর ২ হাজার ৭১১ কোটি টাকার লেনদেন হয়েছিল ঢাকার বাজারে। গতকাল ডিএসইএক্স সূচক ৯৮ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ বেড়ে হয় ৫ হাজার ৫৭৫ পয়েন্ট। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হওয়ার পর এটিই তার সর্বোচ্চ অবস্থান। মূলত বড় মূলধনি কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির ওপর ভর করে সূচকের বড় উত্থান ঘটে।